শ্রীলঙ্কার কারাগারে সংঘাতে নিহত ২৫, আহত শতাধিক
![]()
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই পক্ষের কয়েদিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক কারারক্ষী ও কয়েদি।
সোমবার (৬ জুলাই) বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়। কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েদিদের মধ্যে রাতভর সংঘর্ষ চলে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীলঙ্কার কর্মকর্তারা এ ঘটনাকে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন। আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির পরিচালক পুষ্প গামলাথ এএফপিকে জানান, হাসপাতালে ১৯টি মরদেহ আনা হয়েছে। তিনি আরও বলেন, শতাধিক কারারক্ষী ও কয়েদি আহত অবস্থায় ভর্তি হয়েছেন এবং আহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে চার কারারক্ষী নিহত হন। সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমান্ডো মোতায়েন করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে প্রবেশ করেননি। কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে কর্তৃপক্ষ।

সোমবার কারাগারের বাইরে বন্দিদের স্বজনদের ভিড় করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা রাতভর গুলির শব্দ শুনেছেন।
কর্মকর্তাদের তথ্যমতে, নেগোম্বো কারাগারে প্রায় ১০ হাজার বন্দি রয়েছেন। শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারই ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দির চাপে রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে দেশটির আরেকটি কারাগারে একই ধরনের সংঘর্ষে ১১ জন বন্দি নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।