মণিপুরে সশস্ত্র গ্রুপ কেওয়াইকেএল’র দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার, ৩টি পিস্তল ও গুলি উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কেওয়াইকেএল’র (KYKL) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও একটি জাল অস্ত্রের লাইসেন্স উদ্ধার করা হয়েছে।
মণিপুর পুলিশের ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) ইম্ফল পূর্ব জেলার পরোমপত থানার আওতাধীন নিউ চেকন এলাকায় অভিযান চালায় ইম্ফল পূর্বের সিডিও (CDO) এবং ভারতীয় সেনাবাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের সমন্বয়ে গঠিত যৌথ দল। অভিযানে কেওয়াইকেএল’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাইশরাম হোমেন সিং ওরফে কোরৌ (৪৫)। তিনি খংমান মাংজিল মামাং সাপাম লেইরাক এলাকার বাসিন্দা। অপরজন মইরাংথেম রোবেন সিং ওরফে রোশন (৫৪)। তাঁর স্থায়ী ঠিকানা কাকচিং জেলার ওয়াংগু মামাং সাবাল হলেও বর্তমানে তিনি নিউ চেকন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের পোস্টে জানানো হয়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, একটি জাল অস্ত্রের লাইসেন্স এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
চাঁদাবাজির কর্মকাণ্ডে তাঁদের সংশ্লিষ্টতা এবং উদ্ধার করা অস্ত্রের উৎস ও ব্যবহারের বিষয়ে পরবর্তী তদন্তের তথ্য পুলিশ পোস্টে জানানো হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।