সীমান্ত সুরক্ষায় নতুন মাইলফলক: নীলফামারীতে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) দুপুরে ৫১ বিজিবির অধীনে নির্মিত জড়সিংহেরশ্বর বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি বিজিবির অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছির বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী প্রায় ৯ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে নিবিড় নজরদারির বাইরে ছিল। নতুন জড়সিংহেরশ্বর বিওপি চালুর মাধ্যমে ওই সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করাই এই বিওপি স্থাপনের মূল উদ্দেশ্য। নতুন ক্যাম্প কার্যক্রম শুরু করায় সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী চরাঞ্চল দীর্ঘদিন ধরে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। নতুন বিওপি চালুর ফলে এসব অপরাধ দমনে বিজিবির তৎপরতা আরও গতিশীল হবে এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তাও জোরদার হবে।
এছাড়া সীমান্ত এলাকায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও নতুন বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, মাদকবিরোধী অভিযান এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিকভাবে নতুন অবকাঠামো নির্মাণ ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করে আসছে। নতুন জড়সিংহেরশ্বর বিওপি সেই ধারাবাহিকতারই আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।