বিলাইছড়ি সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ বাংলাদেশি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকা থেকে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের পর তাদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টার দিকে বড়তলী ইউনিয়নের ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটজনকে ভারতে যাওয়ার চেষ্টাকালে দেখতে পায় টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মো. আব্দুল আহাদ (২২), বগুড়া সদর উপজেলার মো. হাসান সিহাব (৩০), ঢাকার ভাটারা এলাকার মো. নাহিদ হাসান আশিক (৩২), চকবাজার এলাকার মো. সোহেল (৩৫), ভোলার চরফ্যাশন উপজেলার মো. হোসেন শরিফ ওরফে শিহাব (২৯), চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের থানচি উপজেলার আবুয়াপাড়ার লাং রাও মুরুং (২২) ও দনরুই মুরুং (২৬)।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে বিজিবির টহলদল তাদের আটক করে। পরে ১৭ নভেম্বর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দোপানীছড়া বিওপি কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক আটজনের বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারা এবং দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় বিলাইছড়ি থানায় মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ০১, তারিখ ১৭ নভেম্বর ২০২৬।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আটক ব্যক্তিদের ১৮ নভেম্বর সকালে রাঙামাটির বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।