বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন বান্দরবান-রোয়াংছড়ি সড়ক, দ্রত পদক্ষেপ নিয়ে সচল করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
টানা দুই দিনের অতিবৃষ্টি, বন্যা ও ভয়াবহ পাহাড়ধসে বান্দরবানের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও গাছ উপড়ে পড়ায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বান্দরবান সেক্টর সদর দপ্তরের সদস্যরা দ্রুত উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছ, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ অপসারণ করে অল্প সময়ের মধ্যেই বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি মেরামতের কাজেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহায়তা করছে বিজিবি। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করতে তাদের এ সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হয়েছে। তাদের মানবিক ও আন্তরিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতে তারা অঙ্গীকারবদ্ধ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবানে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।