বন্যাদুর্গত মানুষের পাশে দীঘিনালা জোন: ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আশ্রয়কেন্দ্রে থাকা শত শত মানুষের মাঝে দুপুরের খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে জোনটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৮৭টি পরিবারের মোট ৭৫১ জনের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সব মানুষের জন্য রান্না করা দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই জানান, টানা বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। এমন সংকটময় সময়ে সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন, যা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই দীঘিনালা জোনের সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাসদস্যদের নিরলস প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে।

জোন সূত্র জানায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ কমিয়ে আনতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।