দুর্যোগকালে সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানালেন দীপেন দেওয়ান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে চলমান দুর্যোগ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পৌর এলাকার কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
দীপেন দেওয়ান বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার বিশেষ নজর দিয়েছে এবং প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের কাছে সমানভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে এখনও অনেক মানুষ বসবাস করছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে দুপুরের খাবার এবং শিশুদের জন্য শিশুখাদ্য বিতরণ করেন দীপেন দেওয়ান। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ সময় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।