রোহিঙ্গাদের জন্য সরকারের ৪০০ মেট্রিক টন চাল হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের বরাদ্দ করা ৪০০ মেট্রিক টন চাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে চাল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় রোহিঙ্গাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, আরআরআরসি কার্যালয় এবং ডব্লিউএফপির চলমান সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে বিকেলে ডব্লিউএফপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর মিস উশিয়ামা আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে মিস উশিয়ামা জানান, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডব্লিউএফপি ইতোমধ্যে ৫ হাজার প্যাকেট গরম খাবার এবং পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ করেছে। তিনি ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের জন্য সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরআরআরসি কার্যালয়ের সমন্বয় ও সহযোগিতার প্রশংসা করে বলেন, ডব্লিউএফপির কার্যক্রম দীর্ঘমেয়াদে টেকসই রাখতে আরও কৌশলগতভাবে সম্পদ সংগ্রহের উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি ভাসানচর সফরের আগ্রহ প্রকাশ করেন, যাতে সেখানে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা মূল্যায়ন করা যায়।
আরআরআরসি কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় সম্প্রদায়ের জন্য ডব্লিউএফপিসহ উন্নয়ন ও মানবিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।