দুর্গম মেরিনচরে বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করল সেনাবাহিনীর আলীকদম জোন
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নৌকাযোগে পৌঁছে বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ, প্লাবিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
শনিবার (১১ জুলাই) বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মেরিনচর এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক।

প্রতিকূল আবহাওয়া, অব্যাহত বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও তা উপেক্ষা করে জোন অধিনায়ক নৌকাযোগে দুর্গম বন্যাকবলিত এলাকায় পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিজে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণের পাশাপাশি লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক তৈন খাল সংলগ্ন প্লাবিত এলাকাগুলো নৌকাযোগে পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, জরুরি প্রয়োজন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জোন অধিনায়ক বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণসহ সকল মানবিক কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।”

আলীকদম সেনা জোন সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বিভিন্ন এলাকায় পানির উচ্চতা হ্রাস পাচ্ছে এবং জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বৃষ্টিপাত আরও কমে গেলে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি, আন্তরিকতা ও মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। দুর্গম এলাকায় নৌকাযোগে পৌঁছে ত্রাণ বিতরণ করায় তারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন।

আলীকদম সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় মানবিক সহায়তা এবং অন্যান্য জরুরি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো দুর্গত পরিবার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।