বন্যার্ত মানুষের পাশে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট, দীঘিনালায় ৬০ পরিবারকে ত্রাণ সহায়তা
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল চতুর্থ দিনের মতো প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।
শনিবার (১১ জুলাই) দুপুরে দীঘিনালা উপজেলার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সেক্রেটারি আব্দুল মজিদ, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন, জেলা ও উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের নির্দেশনায় দীঘিনালার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় মোট ৩০০টি বন্যাকবলিত পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্গত মানুষের জন্য শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহায়তা বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের মানবিক দায়িত্ব। বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে এমন মানবিক সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি নিয়ে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।