বৃষ্টিতে ঘর হারানো বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে সেনাবাহিনী, নির্মাণ হচ্ছে নতুন বসতঘর
![]()
জার্নাল প্রতিবেদক
টানা বর্ষণে বসতঘর ধসে সর্বস্ব হারানো খাগড়াছড়ির মাটিরাঙ্গার বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধের জন্য দ্রুত একটি নতুন নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোন।
সোমবার (১৩ জুলাই) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকায় গিয়ে কচাকলা ত্রিপুরার ধসে পড়া বসতঘর পরিদর্শন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং তার দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন একটি ঘর নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ঘর নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়ে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে তিনি পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মানবিক বিবেচনায় তার জন্য নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন ঘর পাওয়ার সংবাদে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বলেন, ‘নতুন ঘর পাওয়ার খবরে আমি খুবই আনন্দিত। এই কঠিন সময়ে সেনাবাহিনীর সহযোগিতা আমার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক কল্যাণে সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নতুন ঘর নির্মাণের উদ্যোগ কচাকলা ত্রিপুরা ও তার পরিবারের জন্য নতুন করে বেঁচে থাকার আশার আলো হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।