বান্দরবানের দুর্গম বন্যাকবলিত এলাকায় পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
টানা আট দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে তিনি জেলার বিভিন্ন দুর্গম ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কুহালং ইউনিয়নের লেমুঝিরি পাড়া, বালাঘাটা মুসলিমপাড়া, টেক্সটাইল এলাকা এবং পুলিশ লাইনস এলাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন পুলিশ সুপার। পাশাপাশি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয়তা ও দুর্ভোগের বিষয়েও খোঁজ নেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “দুর্যোগে মানুষের পাশে থাকা বাংলাদেশ পুলিশের নৈতিক ও পেশাগত দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, ততদিন বন্যাদুর্গত মানুষের পাশে থেকে জেলা পুলিশের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পুলিশের সদস্যরা প্রশাসনের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।