বন্যায় ক্ষতিগ্রস্ত বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ও পরিবারের পাশে রাঙামাটি জেলা পরিষদ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে শতাধিক পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে রাঙামাটি শহরের তবলছড়িস্থ বধির বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙামাটি থানা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, দুর্যোগের সময় কোনো মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই জেলা পরিষদ কাজ করছে।
অনুষ্ঠানে দোভাষীর মাধ্যমে সাংকেতিক ভাষায় বক্তব্য উপস্থাপন করা হয়, যাতে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরাও বক্তব্যের বিষয়বস্তু সহজে বুঝতে পারেন। এ সময় তাদের প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।