অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে সম্মিলিত সচেতনতার আহ্বান বান্দরবানের জেলা প্রশাসকের
![]()
জার্নাল প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব প্রতিরোধে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
সভায় জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা উচিত নয়। বিভ্রান্তিকর তথ্য ও গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং জনমনে বিভ্রান্তি ছড়ায়। তাই দায়িত্বশীল আচরণের মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে, যা বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করছে। এ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।