নাফ নদীতে বিজিবির অভিযান, ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক ২
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক চোরাচালানকারীকে আটক করা হয়েছে। অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার ২ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের (ব্লক-২/বিডব্লিউ-৫) মৃত দিল মোহাম্মদের ছেলে জুস মোহাম্মদ (৩০) এবং ৫ নম্বর আলিখালী এফডিএমএন ক্যাম্পের (ব্লক-ডি/৫) মোহাম্মদ হোসনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৭)।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী হয়ে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়।
ভোররাত আনুমানিক ৩টার দিকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করে। এ সময় নৌকায় থাকা চোরাচালানকারীরা গ্রেপ্তার এড়াতে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার সুযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বিজিবির ফ্যান্টম বোটের ধাক্কায় চোরাচালানকারীদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।