বরকলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, রাগীব-রাবেয়া কলেজের হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বরকল রাগীব-রাবেয়া কলেজের শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
তিনি প্রথমে বরকল রাগীব-রাবেয়া কলেজের হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

এরপর উপজেলার সদর ও সুবলং ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা মো. মামুনুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউপ্রু মারমা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং পুনর্বাসন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।