দীঘিনালায় বন্যাদুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলনের ত্রাণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা শাখার উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আম্বেদকর চাকমা, সদস্য সচিব খুকুমনি চাকমা, যুগ্ম আহ্বায়ক সিউলাল চাকমা, মুনিক্কো চাকমা, হ্যাপি চাকমা, উর্মি চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালার অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ। তারা ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণসংহতি আন্দোলন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।