পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। জনকল্যাণমূলক এ উদ্যোগ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান-কারবারিদের মাধ্যমে মোট ৩৫ হাজার বৃক্ষচারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনাঞ্চল সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষচারা বিতরণের মতো উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহও বৃদ্ধি করবে।
জোন সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জনগণের কল্যাণে গৃহীত এসব উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।
পরিবেশবিদদের মতে, বৃক্ষরোপণ শুধু বনভূমি বৃদ্ধি নয়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সেই দিক থেকে খাগড়াছড়ি সদর জোনের এই বৃহৎ পরিসরের বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।