বাণিজ্য চুক্তি বাতিল ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে বিপ্লবী ছাত্র আন্দোলনের মানববন্ধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাষ্ট্রবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল এবং সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র আন্দোলন।
সোমবার (৩ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। কর্মসূচিতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষা ও রাষ্ট্রীয় নীতির বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্য চুক্তি করেছে তা দেশের স্বার্থবিরোধী। তারা অবিলম্বে ওই চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণের সমালোচনা করে বক্তারা বলেন, শিক্ষা সকল নাগরিকের মৌলিক অধিকার। তাই বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সবার জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে।
এ সময় বক্তারা সংগঠনের ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবি, শিক্ষাব্যবস্থাকে জনমুখী ও বৈষম্যহীন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
মানববন্ধনে বিপ্লবী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বিশ্বজিৎ শীলসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা/শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।