ফেসবুকে পোস্টের পৌনে তিন ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পৌনে তিন ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া পৌরসভার থানা রোডের বাইম্যাখালী বড় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হাসান জয় পেকুয়া পৌরসভার পূর্ব গোঁয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, বিকেল ২টার দিকে জয় ইন্টারনেট সংযোগের কাজ করতে ঘটনাস্থলে যান। কাজের একপর্যায়ে ইন্টারনেটের তার টানার সময় একটি গাছের ডাল পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, মৃত্যুর প্রায় পৌনে তিন ঘণ্টা আগে জয় নিজের ফেসবুক আইডিতে লিখেছিলেন, “ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন, আজ অসম্ভব সুন্দর…”। দুর্ঘটনার পর তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই শোক প্রকাশ করেন।
স্থানীয়রা জানায়, হাসিমুখে কর্মস্থলে যাওয়া জয় আর জীবিত হয়ে বাড়ি ফেরেননি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।