সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করে সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে দেখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে আনুষ্ঠানিক সূত্রের তথ্য অনুসরণ করে জনমনে বিভ্রান্তি এড়ানোর আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।