গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
![]()
জার্নাল প্রতিবেদক
গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে গ্রাহকদের হয়রানির অভিযোগও তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাস দখলের অভিযোগ উল্লেখ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য যৌক্তিক পর্যায়ে আনা, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর আমীর হারুনুর রশীদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা আমীর অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো জনস্বার্থে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।