তিন গ্রামের ৫ শতাধিক মানুষের পাশে বিজিবির বান্দরবান সেক্টর, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তিনটি দুর্গম গ্রামের পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বান্দরবান সেক্টর বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে কাইন্তারমুখ, লাপেগই ও লাপাইমুখ গ্রামের প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সুযোগ অত্যন্ত সীমিত। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা বা জেলা সদরে যেতে হয়, যা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। এ অবস্থায় বিজিবির আয়োজিত মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া কয়েকজন বাসিন্দা জানান, পাহাড়ি এলাকার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়। তারা বলেন, নিয়মিত এমন মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এবং প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল বলেন, “সাম্প্রতিক বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে দুর্গম এলাকার অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই বিজিবি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি এখনো বড় একটি চ্যালেঞ্জ। এ বাস্তবতায় বিজিবির মতো বাহিনীর মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নিশ্চিত করছে না, বরং দুর্গম অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতাও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে ও নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।