যুবসমাজকে মাঠমুখী করতে লংগদুতে বিজিবির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাঠমুখী করতে লংগদুতে বিজিবির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাঠমুখী করতে লংগদুতে বিজিবির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শুরু হয়েছে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দল অংশ নিচ্ছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

উদ্বোধনী আয়োজন ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় যুবক, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনের পর প্রথম ম্যাচে মুখোমুখি হয় বড় মাহিল্যা সমন্বয়ক ক্লাব ও গুলশাখালী স্পোর্টস একাডেমি। প্রতিযোগিতামূলক ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় দর্শকদেরও ছিল ব্যাপক উপস্থিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যুবসমাজকে মাঠমুখী করতে লংগদুতে বিজিবির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

তিনি বলেন, প্রত্যন্ত ও পাহাড়ি এলাকার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠের সঙ্গে সম্পৃক্ত রাখা গেলে তারা যেমন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে, তেমনি মাদক ও অপরাধসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকেও দূরে থাকবে।

টুর্নামেন্টে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দলের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহের একটি ইতিবাচক চিত্র তুলে ধরেছে। দীর্ঘদিন পর এ ধরনের বড় পরিসরের ক্রীড়া আয়োজনকে ঘিরে স্থানীয় যুবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

পাহাড়ি জনপদে তরুণদের একটি বড় অংশ নানা সীমাবদ্ধতার মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহী। কিন্তু নিয়মিত মাঠ, প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ সীমিত থাকায় অনেক প্রতিভাই বিকশিত হওয়ার সুযোগ পায় না। এমন বাস্তবতায় বিজিবির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

যুবসমাজকে মাঠমুখী করতে লংগদুতে বিজিবির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

বিশেষ করে মাদক ও অপরাধপ্রবণতা প্রতিরোধে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি মাঠকে ঘিরে তরুণদের নিয়মিত একত্রিত করা, প্রতিযোগিতার মধ্য দিয়ে শৃঙ্খলা ও দলগত চেতনা তৈরি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে জোনের সহকারী পরিচালক কে এ এম কিবরিয়া, বিজিবির অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকার নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়াতে পারে। একই সঙ্গে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সামাজিক বন্ধন ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও এটি ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’কে কেন্দ্র করে লংগদু ও বাঘাইছড়ির তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের পরিবর্তে তারা মাঠমুখী হয়ে নিজেদের সময় ও প্রতিভাকে ইতিবাচক কাজে কাজে লাগাবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *