রাজস্থলীতে ছাত্রদলের মাদকবিরোধী মানববন্ধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে মানববন্ধন করেছে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদল। সোমবার (১০ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা মাদকের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা জোরদারের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং মিজানুর রহমান প্রিন্সের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান।
এ সময় উপজেলা ও স্থানীয় বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। বাঙ্গালহালিয়া থেকে মাদকের বিরুদ্ধে যে সামাজিক প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে, তা পুরো রাজস্থলীতে আরও বিস্তৃত করারও আহ্বান জানান তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।