রামগড়ের নাকাপা বাজারে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে তৃতীয় দিনের মতো মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে রামগড় থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে র্যালি ও পরবর্তী মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
র্যালিটি নাকাপা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। পরে বাজার এলাকায় আয়োজিত সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব এবং এর বিস্তার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, শিক্ষা, কর্মজীবন এবং সামগ্রিক সামাজিক পরিবেশের ওপর। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করে স্থায়ীভাবে সফল হওয়া সম্ভব নয়। এর পাশাপাশি ব্যাপক জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্তানদের আচরণ ও চলাফেরার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, যারা মাদকের বিরুদ্ধে জনমত তৈরি করবেন এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রামগড় উপজেলায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে এর আগে গত রোববার রামগড় বাজারে এবং সোমবার সোনাইপুল বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় এ ধরনের মাদকবিরোধী কর্মসূচি আয়োজন করা হবে। জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।