উখিয়ায় হত্যা মামলায় এজাহারনামীয়সহ দুই আসামি গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় হত্যা মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আলম ওরফে মুছা (৪০) ও আব্দুল হাফিজ (২২)। তাঁদের মধ্যে মো. আলম ওরফে মুছা মামলার এজাহারনামীয় আসামি এবং আব্দুল হাফিজ তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে এপিবিএন।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, এসআই মো. রমজান হোসেন ভূঁইয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ৬ নম্বর ক্যাম্পের ডি-১ ব্লকে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দুই আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, উখিয়া থানায় দায়ের করা মামলা নম্বর-১৭ (৭ মে ২০২৬), জিআর নম্বর-২৪১/২৬-এর তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। মামলাটি হত্যার ঘটনায় দায়ের করা হয়েছে।
এপিবিএনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও চার্জশিটভুক্ত হওয়ার তথ্য রয়েছে। তবে কোন আসামির বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এপিবিএন কর্মকর্তারা জানান, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানের মাধ্যমে মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বর্তমানে সংশ্লিষ্ট ক্যাম্প এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।