উখিয়ায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের পরিদর্শন
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছে জেলা সিভিল সার্জনের নেতৃত্বাধীন একটি পরিদর্শন দল। এ সময় প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, চিকিৎসক ও কর্মীদের নিয়োগসংক্রান্ত তথ্য, ডিউটি রোস্টারসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে অনিয়ম ও অসঙ্গতি দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উখিয়ার মরিচ্যা বাজার, কোর্টবাজার ও কুতুপালং এলাকার বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ পরিদর্শন পরিচালনা করা হয়। পরিদর্শন দলের নেতৃত্ব দেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের নিবন্ধনের বৈধতা ও হালনাগাদ অবস্থা, ল্যাবরেটরির কার্যক্রম, চিকিৎসক ও অন্যান্য কর্মীদের নিয়োগসংক্রান্ত তথ্য, ডিউটি রোস্টার এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করছে কি না, তাও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনের সময় তাৎক্ষণিকভাবে যেসব অসঙ্গতি নজরে আসে, সেগুলো দ্রুত সংশোধনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিবন্ধন হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন সিভিল সার্জন।
পরিদর্শন দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার, কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ডা. হারুনুর রশিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার বলেন, “খুব শিগগিরই উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে উখিয়ার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়ম-নীতি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। সেখানে তিনি অন্তঃবিভাগে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সেবাপ্রদানের সার্বিক পরিস্থিতি সরেজমিনে তদারকি করেন।
হাসপাতালের সেবাপ্রদান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি রোগীদের মানসম্মত ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।