নাফ নদীতে বিজিবির অভিযানে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির কাছাকাছি নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে রাত আনুমানিক ১টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় নৌ-টহলদল দ্রুত নৌকাটির কাছে গিয়ে সেটিকে থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক পাচারকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে অভিযানকারী দলের সদস্যরা মাদক পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ছিল বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে আটক ব্যক্তির নাম মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত এলাকার সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে ক্রিস্টাল মেথ বা আইস পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ-টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, উদ্ধার করা ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), নৌকা ও অন্যান্য আলামতের বিষয়ে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিজিবি ৩ কেজি ক্রিস্টাল মেথসহ একজন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
অভিযানের সময় নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া অপর তিন ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।