মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা দায়ের - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা দায়ের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় গত ২৪ জুলাই শুক্রবার ভোররাতে উপজাতি তিন যুবক কর্তৃক প্রসূতি নারীর চিকিৎসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদ টিপু নামের এক পল্লী চিকিৎসককে অপহরণের পর নির্মম ভাবে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গত ২৫শে জুলাই শনিবার বিকেলে নিহতের স্ত্রী জহুরা আক্তার (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ জুলাই শুক্রবার ভোরে মাটিরাঙ্গা পৌর এলাকার ১০ নং মুসলিমপুর গ্রামের বাসা থেকে তিনজন অপরিচিত উপজাতি লোক এসে টিপুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে দুপুর প্রায় পৌনে একটার দিকে উপজেলার সাপমারা এলাকায় বড় বটগাছ সংলগ্ন পাহাড়ী ছড়ায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। অপহৃত নুর মোহাম্মদ টিপুর স্ত্রী জোহরা আক্তার জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তিনজন উপজাতি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরী চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে তারা তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় শেষে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

এঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) শাহ নূর জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন, পুলিশ তদন্ত করছে।