কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল ও বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ সদস্যরা অংশ নেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে র্যালিটি বারঘোনিয়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
র্যালি শেষে সিনেমা হল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবারে অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানো জরুরি।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে পরিবারকে সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
সমাবেশে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। তবে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মাদক ব্যবসা, পাচার বা সেবনসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসূচিতে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম, সিবিএ প্রতিনিধি মো. মুসাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। মাদকমুক্ত কাপ্তাই গড়ে তুলতে ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।