মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তিনটি গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার হাতিমারা নামক স্থান থেকে গরুগুলো আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক জব্দমূল্য দুই লাখ টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ছোটফরিংগা সীমান্ত এলাকায় ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় ছোটফরিংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিমারা নামক স্থান থেকে তিনটি ভারতীয় গরু আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে গরু চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত নিরাপত্তা জোরদারে কাজ করছে রামগড় ব্যাটালিয়ন।
ব্যাটালিয়ন সূত্র আরও জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার দমন, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বাহিনীটি।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।