গুইমারায় সড়কের ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল আইন-শৃঙ্খলাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারায় সড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হলেও ব্যারিকেড সরিয়ে সড়ক স্বাভাবিক করার কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। শনিবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি, কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ইউপিডিএফ মদদপুষ্ট ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি শুরুর আগেই শুক্রবার গভীর রাতে গুইমারার হাফছড়ি এলাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয় বলে জানা গেছে। পরে শনিবার সকালে কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে জেলা সদরসহ চট্টগ্রামের সঙ্গে দূরপাল্লার ও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।
তবে সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগের সদস্যরা এ কাজে যুক্ত রয়েছেন। একই সঙ্গে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, গুইমারা থানার হাফছড়ি এলাকায় গাছ কেটে এবং বাইল্যাছড়িতে সড়কে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। পাশাপাশি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছে।
এদিকে গভীর রাতে সড়কে গাছ কেটে ফেলে রাখা ও আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সড়ক দ্রুত সচল করা এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।