বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে নবম ‘এয়ারম্যান-টু-এয়ারম্যান টকস’ অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস (PACAF)-এর মধ্যে পেশাগত সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে তিন দিনব্যাপী নবম ‘এয়ারম্যান-টু-এয়ারম্যান টকস’ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালক, পরিকল্পনা পরিদপ্তর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের PACAF ও ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল শেন এস. ভেসেলির নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

আলোচনায় আগের বছরের গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উভয় পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে পেশাগত সহযোগিতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সহযোগিতার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সমাপনী আলোচনায় আগামী এক বছরে নির্ধারিত সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে একটি কার্যবিবরণী (Minutes) স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে চলমান পেশাগত সহযোগিতা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে পারস্পরিক সম্মতি পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর ১৩৩ এয়ার ট্রান্সপোর্ট ইউনিটও পরিদর্শন করে।

উল্লেখ্য, ‘স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম’-এর আওতায় ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ড ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর আওতায় আয়োজিত ‘এয়ারম্যান-টু-এয়ারম্যান টকস’ দুই দেশের সামরিক সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।