পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পরিচিতি সভা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য এলাকায় ভূমি দখলের অভিযোগের প্রতিবাদ জানিয়ে পানছড়িতে একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় ভূমি দখল নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পানছড়ির সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উপজেলায় একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়েও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সভায় খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব এরশাদ, পানছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পানছড়ি উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।