পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের রোহিন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
রোহিন্দ্রপাড়া, কাশিপাড়া, সুবল কার্বারীপাড়া, বাম্পুপাড়া ও মধুপাড়াসহ আশপাশের দুর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব জনপদের মধ্যবর্তী স্থানে ক্যাম্পটি পরিচালনা করা হয়। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্থানীয়দের কাছাকাছি স্থানে মেডিকেল ক্যাম্প আয়োজন করায় বিভিন্ন বয়সী মানুষ সহজেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান।

ক্যাম্পে আগত রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত ও দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের সমন্বিত মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।