লংগদুতে অসহায় পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদুতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে এক অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার গোদাবনছড়া ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।
গোদাবনছড়া ইউনিয়নের বাসিন্দা মিখন চাকমার অসহায় পরিবারের জন্য লংগদু জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করেন লংগদু জোন অধিনায়ক। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় দুর্গম এলাকায় বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঘরবাড়ি নির্মাণ বা সংস্কারে প্রয়োজনীয় উপকরণের সংকটে থাকা পরিবারগুলোর জন্য ঢেউটিনসহ বিভিন্ন সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘবে ভূমিকা রাখছে।
সহায়তা প্রদানকালে লংগদু জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মানবিক সহায়তা প্রদান এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় পরিবারগুলোর দুর্দশা লাঘবের পাশাপাশি পার্বত্য এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।