১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
![]()
জার্নাল প্রতিবেদক
একটি সুশৃঙ্খল দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া। শুক্রবার দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি অন্যতম বৃহৎ উদ্যোগ হতে যাচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার ঘোষণা দেন। এর ঠিক একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতা ছিল রাষ্ট্র-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত গণহত্যা। এক বিবৃতিতে আহমদ জাহিদ জানান, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে মোকাবেলার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রস্তাব নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে তিনি স্বাগত জানান। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে এটি মালয়েশিয়ার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তুরস্কের সাথে এই উদ্যোগ শরণার্থী পুনর্বাসনে দেশগুলোর পারস্পরিক সহযোগিতার একটি মডেল হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আহমদ জাহিদ জানান, অংশগ্রহণকারী নির্বাচন, প্রশিক্ষণ, নথিপত্র তৈরি এবং পুনর্বাসনের কাজ সমন্বয় করতে সরকার তুরস্কের কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করবে। শিল্প খাতের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক নিয়মকানুন বিবেচনায় রেখেই এটি বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সম্প্রদায়ের সাথে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে মালয়েশিয়ার ওপর চাপ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার, যার প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।