শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা, গুজবে কান না দেওয়ার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, পূজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।
সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক দূর্জয় সরকারসহ উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, পূজা উদ্যাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এবং ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা শেষে বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা এবং উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।