সব জনগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার: সাচিং প্রু জেরী
![]()
জার্নাল প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল—দেশের যেকোনো প্রান্তে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সরকার পরিচালনার ক্ষেত্রে ‘রেইনবো নেশন’ ধারণার তাৎপর্য উপলব্ধি করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। দেশের বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর অধিকার, স্বাতন্ত্র্য ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে সবাইকে জাতীয় অগ্রযাত্রায় সম্পৃক্ত করাই এ ধারণার অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী পার্বত্য অঞ্চল ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি সংরক্ষণ এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাঁদের তুলে ধরা সমস্যাগুলো সম্পর্কে সরকার সচেতন। এ ধরনের মতবিনিময় সভা কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণার প্রতিফলন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও প্রত্যাশা সরাসরি শোনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিনিধিদলের প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে।
সভায় সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের জীবনযাত্রা, শিক্ষা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং ভূ-সম্পত্তিসংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে সরকারের এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।