পাহাড়ের ৫০ বছরের সমস্যার জট একদিনে খোলা সম্ভব নয়: পার্বত্য মন্ত্রী
![]()
সাজেক পরিস্থিতি সমাধানে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রথাগত প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের আহ্বান
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ পাঁচ দশকে জমে থাকা সমস্যাগুলোর সমাধান একদিনে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। সাজেকের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ের সমস্যা সমাধানে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রথাগত প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “পাহাড়ে ৫০ বছরে অনেক সমস্যার জট তৈরি হয়েছে। একদিনে কোনোভাবেই তা সমাধান করা সম্ভব নয়। এখানে আমরা যারা জাতীয় ও আঞ্চলিক রাজনীতি করি, তাঁদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রথাগত প্রতিনিধিরা সবাই একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব হবে।”
সভায় পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ের পতিত জমিতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে দেওয়া সম্ভব। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় তামাক চাষ নিরুৎসাহিত করে প্রণোদনার মাধ্যমে কৃষকদের কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে কৃষকদের বিকল্প আয়ের সুযোগ তৈরি হবে এবং তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সসহ ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের নেওয়া প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উদ্যোগী হতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে পাহাড়ে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম এবং জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন। এ ছাড়া পরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন এবং সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
সভায় পার্বত্য অঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।