উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের অভিযান, ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ সৈয়দুল করিম (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক সি/৯ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ওই এলাকার মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে ইট-সোলিং রাস্তার ওপর কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। পরে দ্রুত অভিযান চালিয়ে সৈয়দুল করিমকে আটক করা হয়। এ সময় সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক সৈয়দুল করিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি/বি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নুর মোহাম্মদ। অভিযানে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাতক দুজন হলেন জাহাঙ্গীর (২৮) ও আইয়ুব (১৯)। জাহাঙ্গীরের বাবার নাম আনিসুল মোস্তফা। তিনি ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক এ/১৩-এর বাসিন্দা। অপর ব্যক্তি আইয়ুবের বাবার নাম মো. হোসেন। তিনি একই ক্যাম্পের ব্লক এফ/৩-এর বাসিন্দা।
এ ঘটনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. ইয়ামিন সুমন বাদী হয়ে আটক ব্যক্তি ও পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্রের উপস্থিতি ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।