টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। অভিযানে দোকানের সামনে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এ সময় এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) টেকনাফ পৌরসভার উদ্যোগে সরকারের তিন মাসব্যাপী সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান শুরু হয়। টেকনাফ বাসস্টেশনের ঝর্ণা চত্বর থেকে শুরু হওয়া কার্যক্রমে বিভিন্ন সড়ক ও দোকানপাটের সামনের অংশ পরিষ্কার করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা অপসারণে পদক্ষেপ নেওয়া হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে টেকনাফে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রমের অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অভিযানে দোকানিদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা না বসানো, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা ও পৌর এলাকার সৌন্দর্য বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম অনীক চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) টেকনাফ উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন খান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. শফিউল হাবিব ভূঁইয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সৈয়দ হোসেন, পৌর কর আদায়কারী রবিউল ইসলাম এবং পৌরসভার প্রধান সহকারী মো. ওসমানুল কবির (ওয়াসিম)।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনজিও ফোরামের প্রকল্প ব্যবস্থাপক মো. আফজাল হোসাইন, বিজিএস এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ, হাইসাওয়ার উপজেলা ওয়াশ কর্মকর্তা মো. ফারুক হোসেন, মোহাম্মদ ইয়াসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমদ বলেন, পৌরসভার সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। টেকনাফ বাসস্টেশন থেকে উপজেলা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পৌর এলাকার পরিবেশ সুন্দর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের পর কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম অনীক চৌধুরী দোকানিদের উদ্দেশে বলেন, প্রত্যেক দোকানের সামনে নির্ধারিত স্থানে ডাস্টবিন রাখতে হবে এবং ময়লা-আবর্জনা সেখানে ফেলতে হবে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত স্থান থেকে এসব বর্জ্য সংগ্রহ করবেন। রাস্তাঘাটে কিংবা যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। ডাস্টবিনের বাইরে ময়লা পাওয়া গেলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের দোকানের সামনে অবৈধ স্থাপনা না বসানো এবং নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সতর্ক করা হয়।
ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারীরা। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল সহজ হবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর যাতে কেউ পুনরায় ফুটপাত দখল করতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।
পৌরসভা সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও জনসাধারণের চলাচলের পরিবেশ উন্নত করা সম্ভব হবে। তবে অভিযান পরিচালনার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলো পুনরায় দখলমুক্ত রাখা, বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।