রাঙামাটিতে সচেতন নাগরিক সমাজের সমাবেশ, ‘পাহাড়ে আমরা শান্তি চাই’
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে ‘পাহাড়ে আমরা শান্তি চাই’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় শহরের বনরূপা সিএনজি স্টেশন এলাকায় সচেতন নাগরিক সমাজ বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক মো. টিপু শেখ ও হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস। এতে বক্তব্য দেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য হাবিব আজম, জেলা ছাত্র পরিষদের নেতা তাজুল ইসলাম তাজু ও আলমগীর হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সংলাপ, ন্যায়বিচার এবং সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও বিশ্বাসের পরিবেশ গড়ে তোলা জরুরি। পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ ও অবিশ্বাস দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন।

সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামের সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও সাম্প্রদায়িক বিদ্বেষ প্রতিরোধ, মানবাধিকার ও নাগরিক মর্যাদা সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরাজমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শান্তি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যাশা নয়; এটি পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার এবং সমগ্র দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা। তাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি জেলার সর্বস্তরের নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং শান্তিপ্রিয় মানুষকে এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। তাঁদের প্রত্যাশা, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হবে এবং সব মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।