পার্বত্য চট্টগ্রামে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার কাঠ ও পাহাড়ি পোশাক জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত ও দুর্গম এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহনের জন্য রাখা বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং পাহাড়ি থামি কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ও ৩০ অক্টোবর কাপ্তাই, খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জব্দ করা কাঠ ও কাপড়ের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯১ হাজার ৭৬০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ঢংছড়ি বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার কোদলা নামক স্থানে বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ৪৩ পিস গোল কাঠ জব্দ করা হয়। এর মধ্যে ৭ পিস গামারী কাঠের পরিমাণ ৩ দশমিক ৫২ ঘনফুট, ২৬ পিস গর্জন কাঠ ১৫ দশমিক ৪০ ঘনফুট, ৪ পিস ছাতিয়ান কাঠ ১১ দশমিক ৫৯ ঘনফুট এবং ৬ পিস সুরুজ কাঠ ১ দশমিক ৩৩ ঘনফুট। জব্দ করা এসব কাঠের সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৫৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
একই দিন রাত আনুমানিক ৯টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর আমতলী বিওপি এলাকার নিয়মিত টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের পাহাড়ি পোশাক ও কাপড় জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১২ পিস পিনন হাদি থামি কাপড়, ১১ পিস পিনন থামির ফ্রগ, ১২ পিস প্রিন্টের থামি কাপড়, ৩ পিস ছোট ঝরঝটের ওড়না এবং ২টি গামছা। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ২৬ হাজার ৭০০ টাকা।
এদিকে ৩০ অক্টোবর সকাল ৯টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর কৃষ্ণদয়াল পাড়া বিওপি এলাকার টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ ঘনফুট জাম, কড়াই ও গর্জন গোল কাঠ জব্দ করে। জব্দ করা কাঠের সিজার মূল্য ৬২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা কাঠ ও পাহাড়ি পোশাকের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯১ হাজার ৭৬০ টাকা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।