সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলা: মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে তলব করল থাইল্যান্ড

সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলা: মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে তলব করল থাইল্যান্ড

সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলা: মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে তলব করল থাইল্যান্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষ ও জান্তা বাহিনীর বিমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে তলব করেছে থাইল্যান্ড। সোমবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল উক্রিত বুনতানন্ট মিয়ানমারের সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল উইন থু লিনকে তলব করে সামরিক অভিযান পরিচালনায় সতর্কতা অবলম্বনের জন্য জান্তা সরকারকে সতর্ক করেন।

সীমান্তবর্তী থাই বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মিয়ানমারের কারেন রাজ্যে সংঘর্ষ ও জান্তা বাহিনীর বিমান হামলার ঘটনায় থাইল্যান্ডের একজন নাগরিক আহত হয়েছেন এবং দেশটির ভূখণ্ডে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভও করেছেন।

সোমবারের বৈঠকে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান দেশটির নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তার ওপর সীমান্তের সামরিক তৎপরতার সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রয়্যাল থাই আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের চ্যানেল সচল রাখা এবং ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের ‘অভিন্ন অঙ্গীকারের’ প্রতিফলন ঘটেছে এ আলোচনা থেকে।

এদিকে সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে থাইল্যান্ডের কর্মকর্তারা নেপিদোতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও পাঠিয়েছেন। মঙ্গলবার থাই সংবাদমাধ্যম থাই পিবিএস দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের বরাতে এ তথ্য জানায়।

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা এবং তাদের মিত্রদের মধ্যে কারেন রাজ্যের মিয়াওয়াদ্দি এলাকায় চলমান সংঘর্ষের কারণে গোলাগুলির কিছু অংশ থাইল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়ছে। সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

গত ২২ অক্টোবর ৪০ মিলিমিটার মর্টার শেল থাইল্যান্ডের ভূখণ্ডে এসে পড়ে। এতে দেশটির দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর চার দিন পর, ২৬ অক্টোবর সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েন করে থাই সামরিক বাহিনী। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা জানায় তারা।

মিয়াওয়াদ্দির মিন লেট পান গ্রামে সংঘর্ষ তীব্র হয়ে উঠলে ২৯ অক্টোবর সীমান্ত অতিক্রম করে আসা গোলার আঘাতে থাইল্যান্ডের এক নাগরিক আহত হন। এর জবাবে থাই বাহিনী মিয়ানমার সীমান্তের দিকে সতর্কতামূলক দুটি ধোঁয়া সৃষ্টিকারী মর্টার শেল নিক্ষেপ করে।

থাইল্যান্ডের সতর্কবার্তার পরও ৩১ অক্টোবর মিয়ানমারের জান্তা বাহিনীর যুদ্ধবিমান থাইল্যান্ডের মায়েহং সন প্রদেশের মে সাম লেপ জেটির বিপরীতে কেএনইউ-নিয়ন্ত্রিত সীমান্ত চৌকি থাও লে হতায় দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের অভিঘাতে থাইল্যান্ডের ভূখণ্ডে থাকা কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে থাই বিমানবাহিনী।

এ ঘটনার পর একটি চিঠি ফাঁস হয়, যেখানে মিয়ানমারের জান্তা সরকার থাই ব্যবসায়ীদের কেএনইউর সঙ্গে যোগাযোগ বন্ধ করার এবং থাও লে হতা দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। চিঠিতে ওই সীমান্তপথে বাণিজ্য পরিচালনাকে মিয়ানমারের আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

তবে ফাঁস হওয়া ওই চিঠির বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকার কিংবা কারেন ন্যাশনাল ইউনিয়নের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।