কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া
নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়ার পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোহিঙ্গা শরণার্থীরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে সমবেত হন। গত ২৭ জুলাই তোলা। ছবি: রয়টার্স
![]()
জার্নাল প্রতিবেদক
নতুন করে মিয়ানমারের ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। এর পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে বিমানে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফেরত পাঠানো হবে।
ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে মালয়েশিয়া। তবে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতিতে দেশটি এখন ক্রমেই অসন্তোষ প্রকাশ করছে।
মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তা-ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তবে কী প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত রায়ে বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ করে দিতে হবে।
গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয় মালয়েশিয়া। তবে মানবাধিকার সংগঠনগুলো এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি প্রত্যাবাসিত শরণার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, হ্লাইংয়ের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা দেশটির জাতীয় স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের রায়ের উদ্দেশ্য হলো, যারা নিপীড়নের শিকার হয়ে পালিয়ে গেছেন, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক শরণার্থীই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে তার ভাষ্য, শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যয় বহন করা মালয়েশিয়ার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের প্রত্যাশাও বাস্তবে কার্যকর হয়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে দেশটির সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
তবে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার এ বিষয়ে নতুন করে কিছু বলেননি। তিনি শুধু জানান, রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা আবারও জানানো হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়েও এসব উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রধানত মুসলিম জনগোষ্ঠীর রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে পরিচিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।