আওয়ামীলীগ নেতার ভাইকে আটকের ঘটনাকে কেন্দ্র করে হামলা, ৫ বিএনপি নেতাকর্মী আহত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় আওয়ামীলীগ সমর্থকদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী ২ জন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)।
গত শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ঘটনার সূত্রপাত বলে জানা যায়।
স্থানীয় উপজেলা বিএনপি সভাপতির অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বসে ৭ নভেম্বরের প্রস্তুতি সভা করার সময় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসীরা। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নালের ছোট ভাই আমির হোসেনকে আটক করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় জয়নালের আত্মীয় স্বজন ও আওয়ামীলীগের সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমিরকে ছিনিয়ে নিয়ে যায়।
এর জেরে বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ শোনা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ আসেনি বলে দাবি করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ চৌধুরী।
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিব জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় যোগ্যাছোলার সাপমারা এলাকায় বিএনপির নেতাকর্মীরা ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে আলোচনা করার সময় আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় আমির নামে এক আওয়ামীলীগকে আটক করলে তার লোকজনেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্ব।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় কোন পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।