রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি কালেক্টর জামে মসজিদে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় পবিত্র কুরআনের ১ম পারা থেকে ৩০ পারা পর্যন্ত হিফজের পরিমাণের ভিত্তিতে কয়েকটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেলে আসরের নামাজের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন হিফজ করা অত্যন্ত মহৎ ও সম্মানের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পবিত্র কুরআন মুখস্থ করার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করে। পড়াশোনার পাশাপাশি কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ ধরনের আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মো. হাবীব আজম বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবাই হয়তো পুরস্কার অর্জন করতে পারবে না, তবে যারা পুরস্কার পাবে না, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই বিজয়ী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের কুরআনের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের সুনাম ও গৌরব বৃদ্ধি করছেন। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও নতুন প্রতিভাবান হাফেজ তৈরিতে উৎসাহ জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনটি সম্পন্ন করায় আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় শিক্ষা ও পবিত্র কুরআন হিফজে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *