বান্দরবানের দুর্গম পাহাড়ে ২৬ পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সদর জোনের উদ্যোগে সদর উপজেলার চুয়ান বিল পাড়ায় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। অর্থনৈতিক অসচ্ছলতা ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন, তাদের জন্য এ উদ্যোগ ছিল বিশেষ সহায়ক।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান সদর জোনের আওতাধীন লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
বান্দরবান সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম।
তিনি চিকিৎসাসেবা নিতে আসা অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়েও খোঁজ নেন তিনি।

সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি এলাকার অনেক অসহায় পরিবার আর্থিক অসচ্ছলতা এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রয়োজনের সময় চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিশেষ করে সাধারণ অসুস্থতার চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও তাঁদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে দুর্গম এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কও আরও সুদৃঢ় হচ্ছে।
সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বান্দরবান সদর জোনের এ উদ্যোগ দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা ও জনসেবার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।